লোগো
Advertisement

স্ত্রীর মুখে গরম ডাল ছোড়ার অভিযোগ, গ্রেপ্তার ‘ডিজে ওবায়দুল’

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
Advertisement

জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর মুখে রান্না করা গরম ডাল ছুড়ে মারার অভিযোগে ওবায়দুল ওরফে ‘ডিজে ওবায়দুল’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গরম ডালে রিক্তা আক্তারের মুখ ঝলসে যায়। এতে তার মুখের স্বাভাবিক আকৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাটি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে।

ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

রিক্তার ভাষ্য, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় ওবায়দুলের একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় স্বামীর চিকিৎসার পাশাপাশি সার্বিকভাবে তার পাশে ছিলেন তিনি। পরবর্তীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন ওবায়দুল।

রিক্তার অভিযোগ, সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক ব্যবহার এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জড়িয়ে পড়েন। এসব বিষয়ে তিনি প্রতিবাদ করলে কয়েক মাস আগে একপর্যায়ে রান্না করা গরম ডাল তার মুখে ছুড়ে মারেন ওবায়দুল। এতে তার মুখের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

তিনি জানান, দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও মুখের স্বাভাবিক আকৃতি পুরোপুরি ফিরে আসেনি। এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেন রিক্তা।

রিক্তার আরও অভিযোগ, ওই ঘটনার পরও তার ওপর নির্যাতন চলতে থাকে। এর মধ্যে টিকটকের মাধ্যমে অন্য এক নারীর সঙ্গে ওবায়দুলের সম্পর্ক তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

একপর্যায়ে গত সপ্তাহে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে রিক্তার অভিযোগের ভিত্তিতে নারী নির্যাতনের মামলা হলে পুলিশ ওবায়দুলকে গ্রেপ্তার করে। মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে ওবায়দুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও সংবাদ লোড হচ্ছে...