বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

বাগেরহাট সদর উপজেলায় শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত শেখ আল আমিন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করেন।
স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আল আমিন তাকে ফোন করে হামলার শিকার হওয়ার কথা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আল আমিনের সঙ্গে থাকা অফিসের ব্যাগে প্রায় এক লাখ টাকা ছিল বলে জানান তিনি।
আল আমিনের সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ জানান, ঘটনার আগে আল আমিনের সঙ্গে তার কথা হয়েছিল। দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে তিনি বের হয়েছিলেন। পরে ফোন করে আল আমিন তাকে জানান, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।

