কুষ্টিয়ার খোকসা উপজেলার চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক যমুনা রাণী ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে উপস্থিত হন ওই শিক্ষক। বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি সকাল ৯টা ১৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন। পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)ও একই সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারীদের দাবি, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। কোনো শিক্ষক নিয়মিত দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হলে তা শিক্ষার্থীদের পাঠদানসহ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
অভিযোগের বিষয়ে চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যমুনা রাণীর পক্ষে বক্তব্য দেন এবং অভিযোগটি নিয়ে তার অবস্থান তুলে ধরেন।
এ বিষয়ে খোকসা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
খোকসা উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোন্দকার শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনিও জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে সহকারী শিক্ষক যমুনা রাণীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


