৩০ বছর তালাবদ্ধ লাইব্রেরি, বইয়ের আলমারিতে কবুতরের বাসা

গত মঙ্গলবার বিকেলে লাইব্রেরিটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক। তালা খুলে ভেতরে ঢুকে তাঁরা দেখতে পান, বইয়ের আলমারিতে কবুতরের বাসা, মেঝেতে বিষ্ঠার স্তূপ। ইঁদুর ও উইপোকার আক্রমণে নষ্ট হয়েছে অবশিষ্ট বই। ভাঙা দরজা-জানালার গ্রিলসহ মূল্যবান বই ও আসবাবের বড় অংশ চুরি হয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
লাইব্রেরির পাশেই রয়েছে সরকারি ডাকবাংলো ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়। একসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকবাংলোয় আসা অতিথিরা এখান থেকে বই নিয়ে পড়তেন। এখন প্রতিষ্ঠানটি শুধুই পরিত্যক্ত এক স্থাপনা। দীর্ঘদিন চুনকাম নেই, ভবনের গেটের সামনেও খড়ির স্তূপ।
সারাদেশ থেকে আরও পড়ুন

