‘মা প্রমাণ করেছেন বয়স কখনো শিক্ষার পথে বাধা নয়’

শৈশবে বাবাকে হারিয়ে বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা। জীবনের বাস্তবতায় বই-খাতার বদলে কাঁধে তুলে নিতে হয়েছিল সংসারের দায়িত্ব। একে একে পেরিয়ে গেছে কয়েক দশক। পরিবার সামলানোর ব্যস্ততায় চাপা পড়েছিল নিজের স্বপ্ন। তবে শিক্ষার প্রতি আকাঙ্ক্ষা হারিয়ে যায়নি কখনো। সেই স্বপ্ন পূরণে ৪৮ বছর বয়সে আবারও বই হাতে তুলে নেন শেফালী বেগম। অবশেষে ৫২ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জিপিএ ৪.২১ পেয়ে।
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ এলাকার এই নারীর সাফল্যে আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী। শেফালীর এই অর্জন কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়, এটি দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে লালন করা স্বপ্ন পূরণের কাহিনি। বয়স, সংসার কিংবা পারিবারিক দায়িত্ব যে শিক্ষার পথে চূড়ান্ত বাধা নয়, নিজের জীবন দিয়ে তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
শেফালীর শিক্ষাজীবনের শুরুটা ছিল সম্ভাবনাময়। ছোটবেলায় পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় মেধাতালিকায় স্থানও পেয়েছিলেন। কিন্তু শৈশবেই বাবাকে হারানোর পর পরিবারে নেমে আসে নানা সংকট। প্রতিকূল পরিস্থিতিতে একসময় বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। বই-খাতা ছেড়ে নিতে হয় সংসারের দায়িত্ব। পরে স্বামী-সন্তান ও পরিবারের দেখভাল করতে কেটে যায় জীবনের দীর্ঘ সময়। তবে পড়াশোনার প্রতি ভালোবাসা কখনো হারিয়ে যায়নি।
একপর্যায়ে স্বামী ও তিন সন্তানের অনুপ্রেরণায় ৪৮ বছর বয়সে আবারও পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন শেফালী। দীর্ঘ বিরতির পর নতুন করে বই হাতে নেওয়া সহজ ছিল না। বয়সের ব্যবধান, সংসারের ব্যস্ততা এবং পড়াশোনার দীর্ঘ বিরতি—সবকিছু সামলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান তিনি। অবশেষে তার সেই পরিশ্রমের স্বীকৃতি মিলেছে পরীক্ষার ফলে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পরীক্ষায় অংশ নিয়ে মূল জিপিএ ৩.৯৬ এবং ঐচ্ছিক বিষয়সহ জিপিএ ৪.২১ অর্জন করে উত্তীর্ণ হয়েছেন শেফালী। তিনি গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী ছিলেন।
শেফালীর এই সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত তার পরিবারের সদস্যরা। তার মেয়ে মাকছুরা খানম নাসমুন রংপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত। তিনি বলেন, ‘মায়ের এই সাফল্য শুধু আমাদের পরিবারের আনন্দের বিষয় নয়, এটি সমাজের সব নারী ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, বয়স কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না।’
গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দিলীপ রায় বলেন, ‘দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন সংগ্রামী শিক্ষার্থী খুব কমই দেখেছি। শেফালী বেগম প্রমাণ করেছেন, শিক্ষা বয়সের কাছে নয়, ইচ্ছাশক্তির কাছেই হার মানে। তার সাফল্য অন্যদেরও নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।’

