জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর কেউই পাস করেননি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ছয়জন শিক্ষার্থী। তাদের কেউই পাস করতে পারেননি। মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নেন। এই দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীও পাস করতে পারেননি।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বোর্ডের ফলাফল অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে, ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

