লোগো
Advertisement

টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধ: প্রতিবেশীর মারধরে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
Advertisement

টিউবওয়েলের সামান্য পানি গড়ানোকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে আব্দুল জব্বার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত আনছার মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে টিউবওয়েলের ব্যবহৃত পানি নিষ্কাশন নিয়ে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে পলাশ বৃদ্ধ আব্দুল জব্বারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

মারধরের একপর্যায়ে গুরুতর আহত হয়ে আব্দুল জব্বার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে তর্ক-বিতর্কের ঘটনায় এক বৃদ্ধ আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...