মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

আহত পুলিশ সদস্যের নাম মো. কাউসার মিয়া। আহত অন্যদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কনের পরিবারের সদস্য ও স্বজনদের মারধরের পাশাপাশি তাঁদের টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় স্বপন মিয়ার সঙ্গে বিয়ে হয় বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের জোনাকি আক্তারের। শনিবার দুপুরে বিয়েবাড়িতে খাওয়া-দাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁরা কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে চরকাটখাল এলাকার অটোরিকশাচালক দয়াল মিয়া তাঁদের সঙ্গে থাকা এক স্বজনকে ধাক্কা দেন। এ নিয়ে প্রতিবাদ করলে দয়াল মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অটোরিকশাচালক তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কনের পরিবারের ১৪ জন আহত হন।

