রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

এনএসআই পাবনা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করছে দালাল চক্র—এমন অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অটোবাইকে করে রোগী নিয়ে হাসপাতালের বহির্বিভাগে প্রবেশ করতেই দালাল চক্র রোগীর স্বজনের অটোবাইক আটকে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আবার কোনো দালাল সড়কে দাঁড়িয়ে ও কোনো দালাল পাশের দোকানে দাঁড়িয়ে রোগীর স্বজনদের বিভ্রান্ত করে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, চারজনকে আটক করার পর প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালালেও কিছুদিন পর আবার তারা সক্রিয় হয়। অভিযানে গিয়ে দালালি কার্যক্রম চালানোর সময় হাতেনাতে তাদের আটক করা হয়। অসহায়ত্বের সুযোগ নিয়ে এ ধরনের অন্যায় কার্যক্রম করতে দেওয়া হবে না।

