হাত-পা বেঁধে নির্যাতন, দুই চোখ উপড়ে ধানক্ষেতে ফেলে গেল দুর্বৃত্তরা

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে ধানক্ষেতে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২ নভেম্বর) সকালে কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দেলোয়ার হোসেন (৩৫) কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়। পরে তাকে মৃত ভেবে বিলের পাড়সংলগ্ন একটি ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় কয়েকজনের দাবি, দেলোয়ার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন স্থানে চুরির ঘটনায় তার নাম আসত এবং তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। তবে এসব অভিযোগের সঙ্গে তাকে নির্যাতনের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ ঘটনার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

