ডাকঘরে সঞ্চয়ের টাকা আত্মসাতে মামলা, ৭ জন কারাগারে

মামলার অভিযোগে বলা হয়েছে, গ্রাহকেরা দীর্ঘদিন ধরে রাজবাড়ী প্রধান ডাকঘরে তাদের সঞ্চয়ের টাকা জমা রাখছিলেন। কিন্তু তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে গ্রাহকদের সাদা স্লিপ দিয়ে টাকা নেওয়া হলেও তা ডাকঘরের কোষাগারে জমা করা হয়নি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যান।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, একই ঘটনায় গত ২ আগস্ট কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ীর সিনিয়র বিশেষ জজ আদালতে পৃথক আরেকটি মামলা করেন। ওই মামলায় তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ সাতজনকে আসামি করা হয়।
জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে অর্থ জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হন ১০৪ জন গ্রাহক।
রাজবাড়ী প্রধান ডাকঘরের বর্তমান পোস্টমাস্টার শামীম আহমেদ এশিয়া পোস্টকে বলেন, গত ৫ জুলাইয়ের পর তিনি এ ডাকঘরে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি তার নজরে আসে। এ ঘটনায় ডাক বিভাগের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ১০৪ জন গ্রাহকের প্রায় ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

