ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকরা অবশেষে অবরোধ তুলে নিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে তারা মহাসড়ক ছেড়ে নিজ নিজ বাসায় ফিরে যান। তবে দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় সড়কটিতে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। এতে সাধারণ যাত্রী, পথচারী ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।

