বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল মো. আলীমুল আমীন। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্বের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মেজর জেনারেল মো. আলীমুল আমীন এর আগে সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে প্রায় চার বছর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে অবসরের আগে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ জানান, ২০২২ সালের ২৬ অক্টোবর মেজর জেনারেল নুরুল আনোয়ার পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।
তিনি বলেন, প্রায় চার বছর দায়িত্ব পালনের পর অবসরে যাওয়ার আগে তাকে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে।


