নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন ঘিরে মামলা, আওয়ামী লীগের ২১ নেতাকর্মীসহ আসামি দেড় হাজার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উসকানি ও নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার যুবলীগ নেতা আজমত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল, কার্যকরী সদস্য মজিবর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি টিপু সুলতান, মোফাজ্জল হোসেন চুন্নু, রাকিব হোসেন, ওয়াসিম, রতন, মো. রাকিব এবং ছাত্রলীগ নেতা সোহাগ ও সেলিম। এ ছাড়া প্রজন্মলীগের ফতুল্লা থানা শাখার সহসভাপতি হিসেবে পরিচিত জনিসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
এর আগে, সোমবার ও মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন লামাপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. শামীম হাসান (২৮), কোতালেরবাগ বউবাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. মামুন (২৬), ফতুল্লা রেলস্টেশন এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ওমর ফারুক (৩৮), রামারবাগ এলাকার ইমান তৌফিকের ছেলে ইমান ইমন (২৬), কোতালেরবাগ এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে শাহিন আহম্মেদ এবং কায়েমপুর এলাকার আক্তারুজ্জামানের ছেলে আতিকুর রহমান (২৫)। এ ছাড়া বুধবার আরও পাঁচজনকে আটক করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শামীম জানান, গ্রেপ্তার ছয়জনের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার (৪ নভেম্বর) সকালেও ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিকদের আন্দোলনের চেষ্টা ঘিরে উত্তেজনা দেখা দেয়। সকাল ৯টা থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকায় জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টার দিকে তারা মূল সড়কে ওঠার চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। ফলে শ্রমিকেরা সড়ক অবরোধ করতে পারেননি।

