কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযানে এক রাতে ২৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়। কিশোর অপরাধপ্রবণ এলাকা, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থান এবং মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে জেলার বিভিন্নস্থান থেকে মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

