ছেলের ছবি বুকে জড়িয়ে মায়ের কান্না, বাবার কানে বাজছে শেষ কথা

হাতে ছেলের ছবি, চোখে অশ্রু আর বুকভরা হাহাকার। বারবার ছবিটি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা। যে ছেলেকে ঘিরে পরিবারের ছিল হাজারো স্বপ্ন, সেই ছেলেই ফিরছেন নিথর দেহে। অন্যদিকে শোকে স্তব্ধ বাবা স্মরণ করছেন ছেলের সঙ্গে শেষ কথোপকথন। মৃত্যুর মাত্র এক দিন আগেও মোবাইল ফোনে বাবার খোঁজ নিয়েছিলেন তিতাস। বলেছিলেন, ‘বাবা, তুমি কেমন আছো?’ কে জানত, বাবার সঙ্গে সেটিই হবে তার শেষ কথা!
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৮)। তার মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মা-বাবা, স্ত্রী, স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

