৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

জনসেবায় দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে নিউসম তাঁর চিঠিতে লেখেন, ‘দীর্ঘ প্রায় ৩০ বছর সরকারি দায়িত্ব পালন করার পর রাষ্ট্র কী ন্যায়সংগতভাবে অর্জন করতে পারে, তার সীমাবদ্ধতা আমি উপলব্ধি করেছি। আমি এই পদক্ষেপ নিয়েছি কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাষ্ট্র-অনুমোদিত হত্যা ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি আমাদের আইনি ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে এবং আমাদের মর্যাদাকে ক্ষুণ্ন করে।’
মৃত্যুদণ্ডকে একটি ‘ব্যর্থ ব্যবস্থা’ উল্লেখ করে তিনি বলেন, নিষ্ঠুর অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত সাজা মনে হলেও নৈতিকভাবে রাষ্ট্র কাউকে হত্যা করতে পারে না। তিনি জানান, ভুল বিচারে নির্দোষ ব্যক্তিদের সাজা পাওয়ার ঝুঁকি এবং বর্ণভিত্তিক বৈষম্যের কারণে এই ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি।
নিজের সিদ্ধান্তের আইনি ও রাজনৈতিক দায়িত্ব নিয়ে গভর্নর বলেন, ‘ক্যালিফোর্নিয়ার সংবিধান অনুযায়ী রাজ্যের কল্যাণে বিবেক থেকে এই কঠিন ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া আমার দায়িত্ব।’
তবে এই সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দিতে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের সাতজন বিচারকের মধ্যে অন্তত চারজনের অনুমোদনের প্রয়োজন হবে।

