অস্ট্রেলিয়ায় ধরা পড়ল নাহিদের নতুন চোট, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে গিয়ে বড় ধরনের ধাক্কা খেলেন পেসার নাহিদ রানা। সেখানে করানো পরীক্ষায় তার ল্যাব্রাম ছেঁড়ার চোট ধরা পড়েছে। এর ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এমনকি আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সফরেও তার মাঠে নামা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) চুয়াডাঙ্গা ডট নেটকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি জানান, অজি চিকিৎসকদের তত্ত্বাবধানে নাহিদকে ইতোমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং তার পুনর্বাসন প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর শুক্রবার থেকে তার আবার বোলিংয়ে ফেরার একটা সম্ভাবনা রয়েছে।
বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, পরীক্ষায় ল্যাব্রাম ছেঁড়ার চোট ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতিমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে সে। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’
এর আগে নাহিদের পিঠ ও শ্রোণি অঞ্চলে দুর্বলতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। তবে মাঠে ফেরার মতো স্বস্তি পাচ্ছিলেন না এই পেসার। চোটের প্রকৃত অবস্থা জানতে ও বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। সেখানেই বিশদ পরীক্ষার পর ল্যাব্রামের এই সমস্যা ধরা পড়ে।
ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য গত শুক্রবার (২৩ অক্টোবর) যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, তাতেও রাখা হয়নি নাহিদকে। সিরিজের প্রথম টেস্টটি আগামী ২৮ অক্টোবর মিরপুরে এবং দ্বিতীয় টেস্টটি ৫ নভেম্বর সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে। নতুন এই চোটের কারণে এই সিরিজের কোনো ম্যাচেই তার খেলার সুযোগ আর নেই।
এদিকে নাহিদকে নিয়ে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা গড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত। আগামী নভেম্বরে প্রোটিয়াদের ডেরায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে এই গতি তারকা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না, তা নিয়ে ইতিবাচক নন চুয়াডাঙ্গা ডট নেটের সঙ্গে কথা বলা বিসিবির ওই কর্মকর্তা। সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা পুরোপুরি নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর।

