রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জীবননগরে এইচএসসিতে ছেলেদের মধ্যে একমাত্র জিপিএ-৫ পেলেন শিমুলমুজিবনগরে জাতীয় যুব দিবস পালিত: সনদ ও ঋণ বিতরণমুজিবনগরে জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণ ও সনদ বিতরণতাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেপ্তার হলেন যেভাবেখুলল সেন্টমার্টিন, অনুমোদন না মেলায় বন্ধ জাহাজ চলাচলবিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপিতাহসিফ হত্যা মামলায় পুলিশ হেফাজতে তরুণীআশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, অধিকাংশ কারখানা ছুটি ঘোষণাসিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতেদলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
বিজ্ঞাপন

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

টানা দুই হারে কিছুটা অস্বস্তিতে পড়েছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির পর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল হান্সি ফ্লিকের দলের সামনে। সেই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গেল কাতালানরা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে আলাভেসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডন। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার (৩১ অক্টোবর) রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে লা লিগার একাদশ রাউন্ডের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। বিরতির পর আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফ্লিকের দল।

চোটের কারণে বেশ কয়েকজন ফুটবলারকে না পাওয়ায় রক্ষণভাগে পরিবর্তন আনতে হয়েছিল বার্সেলোনা কোচকে। মূল দলের হয়ে অভিষেক হয় তরুণ ব্রায়ান ফারিনিয়াসের। আর পাউ কুবারসির সঙ্গে সেন্টারব্যাক হিসেবে খেলেন সাধারণত মাঝমাঠে দায়িত্ব পালন করা ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে এসব পরিবর্তন আক্রমণভাগে কোনো প্রভাব ফেলেনি।

ম্যাচের অষ্টম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। পেদ্রির দারুণ পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে উঠে আসেন ফেরমিন লোপেজ। তার বাড়ানো বল জালে পাঠাতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন। ইয়ামালের পাস পেয়ে বক্সের ভেতর কঠিন কোণ থেকে জোরালো শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল আলাভেস। একবার তাদের শট ক্রসবারেও লাগে। তবে বার্সেলোনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি অতিথিরা।

৪১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে তাকে সুযোগ তৈরি করে দেন ফেরমিন। সতীর্থের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে জোয়াও কানসেলোর পাস থেকে নিচু শটে গোল করেন ইয়ামাল। তাতে চার গোলের বড় ব্যবধান নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ৬৪তম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুসের পাস ধরে প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনে ঢুকে পড়েন ইয়ামাল। এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। ম্যাচে নিজের দ্বিতীয় গোলের আনন্দে মাতেন স্প্যানিশ তরুণ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...