১৬ বছর বয়সী এক ফুটবলারকে পেতে রিয়াল-বার্সার কাড়াকাড়ি

কে এই জেজে গ্যাব্রিয়েল?
পুরো নাম জোসেফ জুনিয়র আন্দ্রেও ও'ক্যারুয়েল। ২০১০ সালের ৬ অক্টোবর ইংল্যান্ডের এনফিল্ডে জন্ম তাঁর। মূলত ফরোয়ার্ড হিসেবে খেলেন। সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি দুই প্রান্তেও খেলতে পারেন। দুর্দান্ত ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ, গতি ও কারিগরি দক্ষতার জন্য অল্প বয়সেই নজর কেড়েছেন তিনি।
মাত্র ১১ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন গ্যাব্রিয়েল। এর আগে চেলসি, আর্সেনাল ও ওয়েস্ট হামের বয়সভিত্তিক দলেও খেলেছেন। ছোটবেলায় তাঁর ফুটবলীয় দক্ষতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে 'কিড মেসি' নামেও পরিচিতি পান তিনি।
গ্যাব্রিয়েলের সাফল্য
ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলে ধারাবাহিকভবে গোল করে নজর কেড়েছেন গ্যাব্রিয়েল। ২০২৫-২৬ মৌসুমে অনূর্ধ্ব-১৮ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ২৬ গোল করে প্রতিযোগিতার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান। উয়েফা ইয়ুথ লিগে অভিষেকেই হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের জানান দেন এই তরুণ ফরোয়ার্ড।
তাঁর এমন পারফরম্যান্সেই ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ তৈরি হয়েছে। ২০২৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেলেও পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন গ্যাব্রিয়েল ও তাঁর পরিবার। এরপর থেকেই তাঁকে দলে নেওয়ার দৌড়ে যুক্ত হয় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে মৌখিক সমঝোতার খবর এলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আগামী মৌসুমে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে ইউরোপের এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ডকে, সেটিই এখন অপেক্ষার বিষয়।

