এক পেসার কেন কম খেলাল বাংলাদেশ, তাসকিনের ব্যাখ্যা

শুধু এই ম্যাচেই নয়, মিরপুর টেস্টেও বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার খেলিয়েছে। তবে যদি কয়েকমাস আগে পেছনে যাওয়া যায়, তখন চিত্রটা ভিন্ন। পাকিস্তানের বিপক্ষে মে মাসে দুই টেস্টেই বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার ছিল। নাহিদ রানা, শরীফুল ইসলামের আগুনে বোলিংয়ের পাশাপাশি তাইজুল-মিরাজরা দেখিয়েছেন ঘূর্ণিজাদু। আর রানা এবার না থাকলেও তাঁর পরিবর্তে শরীফুলকে খেলানো যেত এবার সিলেটে। কিন্তু কয়েক মাসের মধ্যেই স্পিনবান্ধব একাদশ খেলানো শুরু করল বাংলাদেশ।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পেসার একজন কম থাকার আক্ষেপ তাসকিন করলেও তাঁর মতে, টিম ম্যানেজমেন্ট দলের ভালোর কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আজ প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, ‘প্রথমত, দলের বাছাইটা পুরোপুরি ম্যানেজমেন্টের অংশ। তারা আসলে উইকেট এবং কন্ডিশন বিবেচনা করে যেটা চিন্তা করেছে, ওটা আসলে দলের সেরা অবস্থা চিন্তা করেই করা হয়েছে। কারণ, ম্যাচ মাত্র শুরু হলো। আজ প্রথম দিন। আপনার কিন্তু যেটা মানে উইকেট যে ধরনের, এটা তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন ম্যাচের ফল নির্ধারণ হওয়ার জন্য সবচেয়ে ভালো দিন আসবে।’

