লোগো
Advertisement

দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
Advertisement

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে রোববার দুপুরে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন নাসিমুল ইসলাম। এ সময় তার পাসপোর্ট ও ভিসা যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তার বিরুদ্ধে একটি মামলা থাকার তথ্য পায় ইমিগ্রেশন পুলিশ।

পরে বিষয়টি গোদাগাড়ী মডেল থানায় জানিয়ে মামলার তথ্য নিশ্চিত করা হয়। এরপর ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা একটি মামলা রয়েছে। মামলাটির নম্বর ৭ এবং জিআর নম্বর ৬০৫। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি The Explosive Substances Act, 1908-এর ধারায় অভিযোগ আনা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানায় সম্পন্ন করা হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...