চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।
বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসক ডা. মোহসীনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের রূপছায়া সিনেমা হলপাড়ায় দৈনিক আজকের খাসখবরের প্রধান কার্যালয়ে অবস্থান করছিলেন রাজীব হাসান কচি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বুধবার রাতেই অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
রাজীব হাসান কচি চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গার সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সদর হাসপাতালে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. সৈয়দ মেহবুব কাদির তার চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
রাজীব হাসান কচির অসুস্থতার খবর পেয়ে সাংবাদিক সহকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার চিকিৎসার খোঁজ নিয়েছেন।
তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।


