লোগো
Advertisement

সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে ইভটিজিং, যুবকের এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
Advertisement

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইপটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মো. মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় বেকারি কারিগর।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টিফিনের সময় বারইপটল মোড়ের একটি দোকান থেকে খাবার কিনে বিদ্যালয়ে ফিরছিল ওই শিক্ষার্থী। পথে সুজন মিয়া তার হাত ধরে টানাহেঁচড়া করে পাশের একটি কলাবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তাকে অশালীন কথাবার্তাও বলা হয়।

একপর্যায়ে ওই শিক্ষার্থী সুজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বিদ্যালয়ে ফিরে ঘটনাটি প্রধান শিক্ষক ও সহপাঠীদের জানায়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুজন মিয়াকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে তাকে বিদ্যালয়ে আটকে রাখা হয়।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে সুজন মিয়া নিজের দোষ স্বীকার করেন। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ইভটিজিংয়ের অপরাধে ওই বেকারি কারিগরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও সংবাদ লোড হচ্ছে...