লোগো
Advertisement

একদিনেই আলমডাঙ্গায় ঝরে গেল দুই শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
Advertisement

আলমডাঙ্গায় একদিনের ব্যবধানে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাত মাস বয়সী এক শিশু সাগু খাওয়ানোর সময় গলায় আটকে মারা গেছে। অন্যদিকে, ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে আট বছর বয়সী আরেক শিশু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

সাগু গলায় আটকে প্রাণ গেল সাত মাসের আরিয়ানের

নিহত আরিয়ান আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের আলমডাঙ্গা শিশু নিকেতন কিন্ডারগার্টেনের শিক্ষক ইবলুল হোসাইন ও রাবিয়া খাতুন দম্পতির একমাত্র ছেলে। পরিবারে তার ১০ বছর বয়সী একটি বোন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মা রাবিয়া খাতুন ছেলেকে নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিয়ানকে সাগু খাওয়ানোর সময় হঠাৎ খাবারটি তার গলায় আটকে যায়।

স্বজনরা দ্রুত শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও গলায় আটকে থাকা সাগু বের করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।

ঘটনার সময় বাবা ইবলুল হোসাইন স্কুলে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত পাটিকাবাড়িতে ছুটে যান। সেখানে ছেলের নিথর দেহ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকে বারবার মূর্ছা যান মা রাবিয়া খাতুন।

দুপুরে মরদেহ মাজু গ্রামের বাড়িতে পৌঁছালে শেষবারের মতো শিশুটিকে দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঘুমন্ত শিশুকে কামড়, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

একই দিনে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দক্ষিণপাড়ায় সাপের কামড়ে মারা যায় হোসাইন আলী (৮) নামে আরেক শিশু। সে বেলগাছি গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

পরিবার জানায়, বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে হোসাইন পরিবারের সদস্যদের জানায়, তাকে কোনো কিছু কামড় দিয়েছে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষধর সাপের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তবে তার শরীরে সাপের কামড়ের স্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শোকে স্তব্ধ দুই পরিবার

একদিনে দুটি পরিবারের একমাত্র সন্তান হারানোর ঘটনায় আলমডাঙ্গার মাজু, পাটিকাবাড়ি ও আনন্দধাম এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

আরও সংবাদ লোড হচ্ছে...