লোগো
Advertisement

আপিল কমিটির সিদ্ধান্তে জীবননগর পৌরসভা দল বাতিল, বিজয়ী আলমডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ জীবননগর পৌরসভা ও আলমডাঙ্গা পৌরসভা দলের মধ্যকার ম্যাচের ফলাফলে পরিবর্তন এসেছে। খেলোয়াড়দের কাগজপত্র নিয়ে ওঠা আপত্তির পর আপিল কমিটির সিদ্ধান্তে জীবননগর পৌরসভা দলকে টুর্নামেন্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আলমডাঙ্গা পৌরসভা দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জীবননগর পৌরসভা ও আলমডাঙ্গা পৌরসভা দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর জীবননগর পৌরসভা দলের খেলোয়াড়দের নিয়ে আপত্তি তোলেন আলমডাঙ্গা পৌরসভা দলের ম্যানেজার ও কোচ। তাদের অভিযোগ ছিল, জীবননগর পৌরসভা দলের কয়েকজন খেলোয়াড় জীবননগর পৌর এলাকার বাইরের বাসিন্দা।

অভিযোগের পর জীবননগর পৌরসভা দলের কোচ সংশ্লিষ্ট খেলোয়াড়দের প্রয়োজনীয় কাগজপত্র দায়িত্বপ্রাপ্ত কমিটির কাছে উপস্থাপন করেন। প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই করে খেলা শেষ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার পর নির্ধারিত কমিটি গঠন করে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

এরপর আপত্তি মেনে নিয়েই আলমডাঙ্গা পৌরসভা দল মাঠে খেলা চালিয়ে যায়। ম্যাচে জীবননগর পৌরসভা দলের কাছে আলমডাঙ্গা পৌরসভা দল পরাজিত হয়।

পরে খেলোয়াড়দের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের জন্য জীবননগর পৌরসভা দলকে তাদের তালিকাভুক্ত খেলোয়াড়দের স্কুল সনদ ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জীবননগর পৌরসভা দল প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি বলে সংশ্লিষ্টরা জানান।

এ অবস্থায় অভিযোগ ও উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা করে আপিল কমিটি জীবননগর পৌরসভা দলকে বাতিল ঘোষণা করে। একই সিদ্ধান্তে ম্যাচে আলমডাঙ্গা পৌরসভা দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

ফলে মাঠের খেলায় জীবননগর পৌরসভা জয় পেলেও আপিল কমিটির সিদ্ধান্তের কারণে টুর্নামেন্টের পরবর্তী ধাপে আলমডাঙ্গা পৌরসভা দলকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...