লোগো
Advertisement

দর্শনা থেকে ভোলার পথে ৯ লাখ টাকার ভুট্টা উধাও, চালকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
Advertisement

দর্শনা থেকে ভোলার উদ্দেশে পাঠানো কাজী ফার্মস লিমিটেডের প্রায় ৯ লাখ টাকার ভুট্টা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। ভুট্টাবোঝাই ট্রাকটি মাঝপথে মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ এনে ট্রাকচালক ও ট্রাকমালিকের বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি।

অভিযোগকারী ইকবাল কবির জাহিদ জানান, তিনি কাজী ফার্মস লিমিটেডের দর্শনা এলাকার ভুট্টা ক্রয় কেন্দ্রের প্রতিনিধি। কোম্পানির নির্দেশনা অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর দর্শনার করিমপুরে অবস্থিত গুদাম থেকে ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা ভোলার ঘোষঘাটে কাজী ফার্মসের ইউনিটে পাঠানোর জন্য একটি ট্রাক ভাড়া করা হয়। ভুট্টার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৬৮ হাজার টাকা।

অভিযোগে বলা হয়েছে, যশোর-ট-১১-৩৫৩৪ নম্বরের ট্রাকটির চালক ছিলেন দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের মহিবুল ইসলাম। বিকেল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের মাধ্যমে ট্রাকে ভুট্টা তোলা হয় এবং পুরো সময় চালক সেখানে উপস্থিত ছিলেন। সেদিন রাতেই ট্রাকটির ভোলার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও সেটি দুই দিন রামনগর মোড়ে দাঁড়িয়ে ছিল বলে দাবি করা হয়েছে।

ইকবাল কবির জাহিদের ভাষ্য, ১৩ সেপ্টেম্বর সকালে চালক হেলপারকে রেখে একাই ট্রাক নিয়ে ভোলার উদ্দেশে রওনা হন। দুই দিনের মধ্যে মালামাল পৌঁছানোর কথা থাকলেও কয়েক দিন পেরিয়ে গেলেও ভোলার গুদামে ভুট্টা পৌঁছায়নি। এরপর চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও ট্রাক বা চালকের অবস্থান জানা যায়নি।

পরে ট্রাকমালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালক ১৪ সেপ্টেম্বর ফিরে এসে ভাড়ার হিসাব বুঝিয়ে দিয়েছেন। তবে ভুট্টা পরিবহনের বিষয়ে চালকের সঙ্গে সরাসরি চুক্তি হওয়ায় এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এ ঘটনায় ট্রাকচালক মহিবুল ইসলাম ও ট্রাকমালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...