শিডিউল নিয়ে আইনি নোটিশ, মুখ খুললেন শরীফুল রাজ

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের জন্য শিডিউল না দেওয়ার অভিযোগে শনিবার (৩১ অক্টোবর) তাকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তার দাবি, শিডিউল দিতে তার কোনো আপত্তি নেই। তবে বিষয়টি নিয়ে এমন আইনি পদক্ষেপে বিস্মিত তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা গেছে, ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি আগামী ঈদে অথবা ঈদের পর কোনো একসময় মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চুক্তিতে মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির শুটিংয়ের জন্য শিডিউল দিতে হবে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরীফুল রাজ। তার ভাষ্য, ‘একবার বলে টাকার কথা, আমি না কি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দেব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দিইনি এমন কেউ বলতে পারবে না। আমি সবসময় সিনেমাই করব।’
প্রযোজকদের অভিযোগ, ঈদে ‘ঠিকানা’ মুক্তির পরিকল্পনা থাকায় রাজের কাছ থেকে সেই অনুযায়ী শিডিউল প্রত্যাশা করেছিলেন তারা। কিন্তু অভিনেতা সেভাবে সময় দিচ্ছেন না। এ প্রসঙ্গে রাজ বলেন, একটি সিনেমা ঈদে মুক্তি দিতে চাইলেই অন্য কোনো সিনেমায় কাজ করা যাবে না, এমন শর্ত চুক্তিতে নেই।
তার কথায়, ‘সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না- এটা তো চুক্তিতে নাই। আবার তাদের সিনেমা ঈদে আসবে- এটাও তো নয়, সেটা নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।’
চুক্তির শর্ত ও আইনি নোটিশের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেতা। রাজ জানান, চুক্তির ৪.১১ ধারায় সিনেমাটির মুক্তি কিংবা মুক্তির শিডিউল নিয়ে উল্লেখ রয়েছে। একইভাবে আইনি নোটিশের দ্বিতীয় ধারাতেও মুক্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে দাবি তার।
এ প্রসঙ্গে শরীফুল রাজ বলেন, ‘আমাদের চুক্তির ৪.১১ ধারায় উল্লেখ আছে সিনেমাটি মুক্তি অথবা মুক্তির শিডিউলের সময় প্রসঙ্গে। আইনি নোটিশের দুই নম্বর ধারায় মুক্তি নিয়ে একই কথা বলা। সিনেমাটি ঈদেই মুক্তি পাবে, তা তো নয়। অন্য কোনো সময়ও মুক্তি পাবে উল্লেখ করা। কিন্তু পরে কবে, সেটাও উল্লেখ নাই। এর মাঝেই শিডিউল নেওয়া নিয়ে আইনি নোটিশ দিয়েছে। এখন আমিও আইনিভাবেই কথা বলব।’
চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আরও কথা বলার সুযোগ থাকলেও আপাতত কাজেই মনোযোগ দিতে চান রাজ। প্রযোজক ও পরিচালকের প্রতি সম্মান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটাই সিনেমা করছি না। যাই হোক, পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়েই বেশি ভাবতে চাই। প্রযোজক-পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’

