কিশোরী ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডনের পুলিশ

তাদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করবে—এমন তথ্যের জন্য দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্স ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।
ঘটনার পর থেকে গোয়েন্দারা ব্যাপক তদন্ত চালিয়েছেন। এর মধ্যে ফরেনসিক পরীক্ষা, সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। এর আগে পুলিশ দুই ব্যক্তির রাস্তায় হাঁটার একটি ভিডিও প্রকাশ করেছিল। ফুটেজে একজনকে কালো শার্ট, নীল ট্রাউজার ও কালো জুতা এবং অন্যজনকে নীল জিপ-আপ জ্যাকেট ও কালো ট্রাউজার পরা অবস্থায় দেখা যায়।
তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আনা ডেইটন বলেন, অপরাধের খবর পাওয়ার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। সেপ্টেম্বরে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে যারা তথ্য দিয়েছেন, তাদের ধন্যবাদ জানান তিনি। তাদের দেওয়া তথ্য তদন্তকে এগিয়ে নিতে সহায়তা করেছে বলেও জানান তিনি।
ডেইটন বলেন, পুলিশ এখন দুই অভিযুক্তের নাম প্রকাশ করছে। কারণ তাদের অবস্থান শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি আরও বলেন, এদের একজন এখনো যুক্তরাজ্যেই আছেন বলে ধারণা করা হচ্ছে এবং আরেকজন বাংলাদেশে চলে যেতে পারেন। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

