বিশ্ববাজারে আট মাসের মধ্যে সর্বোচ্চ দামে জ্বালানি তেল

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা তেলের বাজারকে আরও অস্থির করে তুলেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে গিয়ে ঠেকেছে।
এর আগে চলতি বছরের ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১১৮ ডলার ২০ সেন্ট ছুঁয়েছিল। তারও আগে ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই কেবল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়াতে দেখা গিয়েছিল।

