নভেম্বরের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস

চলতি নভেম্বর মাসে দেশের কিছু কিছু এলাকায় স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। অনেক এলাকায় স্বাভাবিক থেকে কম বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের দক্ষিণ পূর্ব ও উপকূলীয় এলাকায় স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তাটি নিচে তুলে ধরা হলো।
শীত:এ মাসে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক অপেক্ষা কম শীত পড়তে পারে এবং দেশের কোথাও শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।
আকাশের অবস্থা: চলতি মাসের প্রথম ২ সপ্তাহে দেশের অধিকাংশ এলাকার আকাশে খণ্ড খণ্ড মেঘের ভেলা থাকতে পারে। অধিকাংশ সময় আকাশের রং বেশ নিল থাকতে পারে, সঙ্গে সাদা মেঘ ভেসে বেড়াতে পারে।
তৃতীয় সপ্তাহে দেশের অধিকাংশ এলাকার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে মাসের শেষ দিকে দেশের আকাশে আবারও মেঘের আনাগোনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি: নভেম্বরের প্রথম সপ্তাহের বাকি দিনগুলোতে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এরপর দ্বিতীয় সপ্তাহে ৮-১২ তারিখের মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় এবং ঢাকা ও সিলেট বিভাগের অল্প কিছু এলাকায় মাঝেমধ্যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে (সিস্টেমের ওপর নির্ভরশীল)।
তৃতীয় সপ্তাহে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি ও শেষ সপ্তাহে দেশের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে কিছু এলাকায়।
তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম: নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। নভেম্বরের তৃতীয় সপ্তাহের প্রথম দিক থেকে দেশের মধ্য হতে উত্তর অঞ্চলের রাতের তাপমাত্রা বেশ হ্রাস পেতে পারে। এসময় রাজশাহী, রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে। তবে একই সময়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ মধ্য অঞ্চলে দিনে কিছুটা গরম আবহাওয়া ও রাতে হালকা শীত পড়তে পারে।
নভেম্বরের তৃতীয় সপ্তাহজুড়ে দেশের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে। শেষদিকে দেশের গড় তাপমাত্রা আরও সামান্য হ্রাস পেতে পারে। এসময় দেশের মধ্য ও উত্তর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে।
সিস্টেম: দ্বিতীয় সপ্তাহে ১০-১৫ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম সৃষ্টি হতে পারে। তৃতীয় সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ১৬ তারিখের পর তৃতীয় সপ্তাহের বাকি অংশে উল্লেখযোগ্য সিস্টেমের সম্ভাবনা কম। তবে মাস শেষে একটি সিস্টেম তৈরি হতে পারে। যা পরবর্তীতে সময়ে কোনদিকে অগ্রসর হতে পারে, কত শক্তি নিয়ে তা আরও কিছুদিন পর বলা যাবে।
সমুদ্র উত্তাল: নভেম্বর মাসের প্রথম ২/৩ সপ্তাহ উত্তর বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে। তবে মাসের শেষ দিকে উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে (সম্ভাব্য)।
বৃষ্টি বলয়: আপাতত নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত দেশের দিকে বৃষ্টি বলয় আসার সম্ভাবনা কম। শেষ দিকে কিছুটা সম্ভাবনা আছে।
বজ্রপাত:এ মাসে সব বৃষ্টি যুক্ত স্থানে মোটামুটি বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
কুয়াশা:নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেশের মধ্য ও উত্তর অঞ্চলে নদী অববাহিকায় নিয়মিত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ও শেষ দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
কুয়াশাবেল্ট: এ মাসে সম্ভাবনা নেই।
শৈত্যপ্রবাহ : এ মাসে সম্ভাবনা নেই।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ: প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন ৪-৭ ঘণ্টা, দ্বিতীয় সপ্তাহে গড়ে প্রতিদিন ৫-৮ ঘণ্টা, তৃতীয় সপ্তাহে গড়ে প্রতিদিন ৫-৯ ঘণ্টা ও শেষ সপ্তাহ গড়ে প্রতিদিন ৩-৬ ঘণ্টা করে স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে (বৃষ্টি যুক্ত দিনগুলোতে ব্যতিক্রম)।
গ্রহণ:চলতি মাসে কোনো সূর্য বা চন্দ্রগ্রহণ নেই।
মেঘের গতিপথ: অধিকাংশ সময় পশ্চিম হতে পূর্ব দিক।
বায়ু প্রবাহ: অধিকাংশ সময়ে উত্তর পশ্চিম হতে দক্ষিণ পূর্ব দিকে।
খরা:চলতি মাসে দেশের ওপর স্বাভাবিক খরার সম্ভাবনা আছে।
শীত: মাসের তৃতীয় থেকে শেষ সপ্তাহ পর্যন্ত দেশের মধ্য ও উত্তর অঞ্চলে রাতে হালকা, হালকা আরামদায়ক শীত পড়তে পারে। তবে সম্পূর্ণ মাসে ঢাকা মূল শহরে উল্লেখ করার মতো শীত আসছে না, বরং মাসের বৃহৎ অংশে ফ্যান চালানো অব্যাহত রাখতে হতে পারে।
মাসের শেষ ২ সপ্তাহে দেশের উপকূলীয় এলাকায় আরামদায়ক শীত পড়তে পারে।

