আলমডাঙ্গায় মাদক সেবনের সময় ইউনিয়ন বিএনপি সভাপতি বোরহানসহ চারজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছি গ্রামের একটি বাড়ির পেছনের পরিত্যক্ত ঘর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলগাছি গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সজিবের বাড়িতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। ওই সময় সজিবের বসতবাড়ির পেছনের একটি পরিত্যক্ত ঘরে বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সজিব দ্রুত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বোরহান উদ্দিনসহ চারজনকে ধরে ফেলে পুলিশ সদস্যরা।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি আস্ত ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক গ্রাম পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক নেওয়ার কাজে ব্যবহৃত গ্যাস লাইটার, সিগারেট, চামচ ও চপস্টিকসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের মৃত ফকির মণ্ডলের ছেলে ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন (৫৫), একই গ্রামের রেজাউল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), বেলগাছি গ্রামের শাখের আলী মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪) এবং আব্দুর রহিমের ছেলে সৈকত আহম্মেদ (২১)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের তাৎক্ষণিক বিচারপ্রক্রিয়ার আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, ওই অঞ্চলে মাদকের অপব্যবহার ও বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান জোরদার, কঠোর নজরদারি এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

