লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, নিউ সেবা ক্লিনিক সিলগালা

ইসমাইল হোসেন ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনার পর নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ কাগজপত্র ও অনুমোদনের লাইসেন্স দেখতে চাওয়া হলে কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি। পরে সরকারি অনুমোদন বা বৈধ লাইসেন্স না থাকার কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, ওই ক্লিনিকে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার চার দিন পর এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, উপজেলায় যেসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ লোড হচ্ছে...