ইউরোপের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্য, ফ্রান্সে সিকে ফ্রোজেন ফুডের নতুন ওয়্যারহাউস চালু

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার বড় করার পাশাপাশি ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের রসনার চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে সিকে ফ্রোজেন ফুড। বাংলাদেশ থেকে হিমায়িত মাছ, শাকসবজি, পরোটা, পিঠা, চাল, ডাল, বিস্কুট ও পানীয়ের মতো নানা পণ্য আমদানি করে ইউরোপের বাজারে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করতে ফ্রান্সের সারসেল শহরে সিকে ফুডের একটি নতুন ওয়্যারহাউস চালু করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের পরিচালক, নীতি-নির্ধারক ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা ও ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তারা
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সিকে ফ্রোজেন ফুডের যুক্তরাজ্য ও ইউরোপ অঞ্চলের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহাতাব উদ্দিন চৌধুরী, গ্লোবাল সিকে ফ্রোজেন ফুডের পরিচালক ও সিইও মোহাম্মেদ রমজান আলী খাঁন এবং যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের পরিচালক ও সিইও আব্দুর রহমান বিশ্বাস।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সিকে ফুড বাংলাদেশের পরিচালক সাহেব জাদা আলী খাঁন, সিকে ফুড ফ্রান্স ও পর্তুগালের পরিচালক মোহাম্মদ আজিজ, ইতালি শাখার পরিচালক সিরাজুল ইসলাম এবং পর্তুগাল শাখার পরিচালক ইকবাল নোমান। প্রশাসনিক ও বাণিজ্যিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মুশিউর রহমান মিশন, হিসাব বিভাগের কর্মকর্তা রুহুল আমিন, ফ্রান্সের সেলস এক্সিকিউটিভ রানা মাদবর এবং অ্যাসিস্ট্যান্ট মাহবুব হোসেন রিজভি।
চাহিদা পূরণ ও কর্মসংস্থান
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির খাদ্যপণ্যের চাহিদার প্রায় ৮০ শতাংশই তারা সরবরাহ করে থাকে। খাদ্যপণ্য আমদানি ও বাজারজাতকরণের এই কর্মযজ্ঞে যুক্ত রয়েছেন শতাধিক বাংলাদেশি কর্মী, যা প্রবাসে দেশীয় কর্মীদের কাজের সুযোগ তৈরিতেও ভূমিকা রাখছে।
পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে সিকে ফ্রোজেন ফুড। এই তালিকায় রয়েছে সিকে ফুড বাংলাদেশ, কাজী ফুড, প্রাণ ফুড, ইফাদ, স্কয়ার, মাসুদ ফুড, আনরাজ ফিশ, মাসুদ এগ্রো এবং প্যারাগন ফুড অ্যান্ড অ্যাগ্রো। এসব প্রতিষ্ঠানের পণ্য আমদানির মাধ্যমে বৈশ্বিক পরিসরে দেশের খাদ্যপণ্যের বাজার তৈরিতে কাজ করছে তারা।
সিকে ফ্রোজেন ফুডের ইউরোপীয় কার্যক্রমের প্রধান দপ্তর ফ্রান্সে অবস্থিত। এই কেন্দ্র থেকেই বেলজিয়াম, পর্তুগাল ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করা হয়। পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন শহরেও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু রয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিরা যেমন সহজেই দেশীয় স্বাদ পাচ্ছেন, তেমনি আন্তর্জাতিক বাজারেও তৈরি হচ্ছে বাংলাদেশি খাদ্যপণ্যের বড় সম্ভাবনা।

