লোগো
Advertisement

আশুলিয়া-সাভারসহ আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
Advertisement

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের অংশ হিসেবে গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে আশুলিয়া, সাভার, কাশিমপুরসহ রাজধানীর আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে এর আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা ও চন্দ্রা মোড়।

এ ছাড়া নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকাও এ তালিকায় রয়েছে।

পাশাপাশি নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ এবং আশপাশের এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক নাও হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও সংবাদ লোড হচ্ছে...