বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে নিষেধাজ্ঞা, ছাড়পত্র বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে নিষেধাজ্ঞা, ছাড়পত্র বন্ধের নির্দেশ

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সরকারি নিয়োগানুমতি বা পূর্বানুমোদন ছাড়া নির্দিষ্ট ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের অনুকূলে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার আওতায় থাকা দেশগুলো হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বায়রার দেওয়া চিঠি।
বায়রার দেওয়া চিঠি।

মন্ত্রণালয় ও বায়রার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে গিয়ে প্রতারণা, মানবপাচার ও শোষণের ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনলাইনভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের (স্ক্যাম কম্পাউন্ড) আস্তানায় আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

এসব দেশে গিয়ে ইতোমধ্যে অনেক বাংলাদেশি নির্যাতন ও শোষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদন ও ছাড়পত্রের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...