ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেজাউল করীম বলেন, হারামাইন শরিফাইন বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই পবিত্র এই দুই শহরের নিরাপত্তা কোনোভাবেই রাজনৈতিক সংঘাতের কারণে হুমকির মুখে পড়া উচিত নয়।
বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবরে মুসলিম বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। হারামাইনের নিরাপত্তা নিয়ে যেকোনো শঙ্কা মুসলমানদের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়।
রেজাউল করীম বলেন, মক্কা ও মদিনা কোনো রাষ্ট্রীয় রাজনীতি বা পারস্পরিক বিরোধের বিষয় নয়। এ দুই পবিত্র নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও সংযম দেখাতে হবে।
তিনি আরও বলেন, হুতিদের পক্ষ থেকে মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা আসা স্বস্তিদায়ক। এ অবস্থান থেকে তাদের ভবিষ্যতেও সরে না যাওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও সতর্কতার সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব সৌদি সরকারের ওপর রয়েছে। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধ বা সংঘাতে জড়ানো উচিত নয়, যার প্রভাব পবিত্র দুই নগরীর নিরাপত্তার ওপর পড়তে পারে।
রেজাউল করীম আরও বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার পাশাপাশি জাজিরাতুল আরবের সামগ্রিক মর্যাদা ও পবিত্রতা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।


