নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ

নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, ‘গণঅধিকার পরিষদ কোনো কিংস পার্টি হিসেবে জন্ম নেয়নি। ফ্যাসিবাদের সময়ের উত্তাল রাজপথ থেকে এ দলের জন্ম।’
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগের আমলেও এ ভোলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মানুষের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছেন। আজ আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। দেখলাম, জামায়াত রোড মার্চ করেছে। এ জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবে বলে আবার আজকে উত্তপ্ত রোদে নারীদের রাস্তায় দাঁড় করিয়ে, সংবর্ধনা নিচ্ছে। যা খুবই অমানবিক। তারা একদিকে ইসলাম ও কোরআন সুন্নাহর কথা বলে, অন্যদিকে নারীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে কোন ইসলাম কায়েম করতে চায়, এটা আমাদের প্রশ্ন।’
তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে।’

