সামান্তার পদত্যাগে মাহফুজ ও জারার ফেসবুক পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটি ঘোষণার পনেরো দিন না যেতেই দল থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং দলের সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। দলের ভেতরে নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতা, গণতান্ত্রিক চর্চার অভাব এবং কাউন্সিল ছাড়াই পুনরায় আহ্বায়ক কমিটি গঠনকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
এনসিপি গঠনের পর প্রথম কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা মেনে নিতে না পেরে পদত্যাগ করেছিলেন তিনি।
এদিকে এনসিপির আগের সংগঠন জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজ আলম। পরে সেখান থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভ’ গঠন করেন মাহফুজ।
রাজনীতিতে সামান্তা শারমিনের জায়গা আরও বড় হওয়ার দরকার উল্লেখ করে বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করেন তাসনিম জারা। তিনি লিখেছেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে তার তাড়া আছে।’
তিনি লেখেন, ‘তিনি মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে।’
সামান্তার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি উল্লেখ করে তাসনিম জারা লেখেন, ‘এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।’

