আবাসিক হলে পুলিশি হামলা, অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের প্রতিবাদ

উল্লেখ্য, পূজার ছুটির আগে স্নাতকোত্তর শেষ বর্ষের একটি বিদায় অনুষ্ঠানে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় (ভোর ৫টা পর্যন্ত) অডিটোরিয়াম ব্যবহারের জেরে দুই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাঁদের কাছে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়।
এই ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে বিপুলসংখ্যক পুলিশ তাঁকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের ওপর লাঠিপেটা করে, ফোন ছিনিয়ে নেয় এবং চুল ও হিজাব ধরে টানাটানি করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন বলপ্রয়োগের অভিযোগটি অস্বীকার করেছেন।

