নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য তিতাস

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখকে শেষবিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানির কবরের পাশে তাকে দাফন করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে তিতাসের মরদেহ নামানোর পর তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে মরদেহটি উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে নানির কবরের পাশে তাকে দাফন করা হয়।

