সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রায়হান হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম
রায়হান হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় বরখাস্ত হওয়া পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই রায়ে বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিন আসামি বরখাস্ত হওয়া এএসআই আশেক এলাহী, এএসআই হাসান উদ্দিন ও সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বিষযটি নিশ্চিত করেছেন।

পিপি জানান, মামলার ছয় আসামির মধ্যে বর্তমানে একমাত্র এএসআই আশেক এলাহী কারাগারে আছেন। বাকি পাঁচজন আসামিয়েই পলাতক।

রায় ঘোষণা উপলক্ষে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একমাত্র কারাবন্দি আসামি সাবেক এএসআই আশেক এলাহীকে আদালতে আনা হয়। রায় ঘোষণার আগেই আদালতে হাজির হন নিহত রায়হানের মা সালমা বেগম।

আসামিরা জামিনে গিয়ে আত্মগোপন করায় ক্ষোভ প্রকাশ করে রায় ঘোষণার আগে তিনি বলেন, এই রায় শুনে আমি কী করব? আমার রায়হানকে যারা নির্যাতন করে মেরেছে, তারা তো পালিয়ে গেছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে একজন আসামিরও জামিন হয়নি। কিন্তু ২০২৫ সালে এসে মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পরও কীভাবে প্রথম সারির তিন আসামি জামিন পান? আর জামিন পেয়ে তারা কীভাবে পালিয়ে যান?

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...