গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে বিজিবি সদস্য আহত

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনে ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে আহত ওই বিজিবি সদস্যকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এর আগে শ্রমিকদের এই আন্দোলন ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।
সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা মাঠে কাজ করছেন।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের যেন কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা রোববার পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শ্রমিকরা আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

