ধাওয়া-পাল্টাধাওয়ার পর সড়ক ছাড়লেন আশুলিয়ার শ্রমিকরা

কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার পর আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যাওয়ায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে আশুলিয়ার বেশকিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়া ও নরসিংপুর এলাকার বিভিন্ন কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। আশপাশের কারখানার শ্রমিকদেরও বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামীম গ্রুপের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে দুপুরের পর থেকে শ্রমিকরা রাস্তা থেকে সরে যাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে আশুলিয়া এলাকার সার্বিক পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন।
তিনি আরও জানান, নরসিংপুর, কাঠগড়া ও আশুলিয়া এলাকার অনেক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তারা অযথা রাস্তায় ব্যারিকেড ও আগুন জ্বালানোর চেষ্টা করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং কারখানায় কোনো ধরনের নাশকতা রোধ করতে পুলিশ ও যৌথ বাহিনী সচেষ্ট রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

