শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত (২১) নিহতের ঘটনায় পাঁচ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয় এবং রেল চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় লরির ধাক্কায় মাইশা, তাঁর এক সহপাঠী এবং একটি মিনিবাসের কয়েকজন যাত্রী আহত হন। আহত মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইআইইউসির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। পরে শিক্ষার্থীরা বড় গাছের গুঁড়ি ফেলে রেলপথও অবরোধ করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

