২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকে

শিক্ষক সংকট, জনবলের অভাব এবং ল্যাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চরম ব্যাহত হচ্ছে পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। নৈশপ্রহরী, পিয়ন ও বাবুর্চি না থাকায় একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালনার অবস্থাও হ-য-ব-র-ল।
প্রতিষ্ঠানটিতে শিক্ষকের ১০ টি পদ থাকলেও শিক্ষক আছেন মাত্র ২ জন। নৈশ প্রহরীর ৩ পদের বিপরীতে একজনও নেই। বাবুর্চি ১ ও সহকারী বাবুর্চি ৩ জন থাকার কথা থাকলেও নেই কেউ। এমন অবস্থায় প্রতিষ্ঠানটিতে ১৭টি বিষয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুরোটাই এসে পড়েছে দুজন শিক্ষকের ঘাড়ে। নিয়মিত ক্লাস নেওয়া ও ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।
নার্সিং শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ল্যাব ও প্রয়োজনীয় উপকরণের অভাবে হাতে-কলমে শিক্ষার সুযোগ এখানে একেবারেই সীমিত। ৭টি ল্যাব থাকার কথা থাকলেও আছে মাত্র ১টি, সেটিতেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম। একটি লাইব্রেরি আছে, কিন্তু বই নেই। কম্পিউটার ল্যাব, অটিটোরিয়ামও অনুপস্থিত এখানে।

