লোগো
Advertisement

চীনকে না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
Advertisement

বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়াল না। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে বাংলাদেশ ও চীনের ম্যাচটি হওয়ার কথা ছিল সকাল ৯টায়। ম্যাচ শুরুর আগে বৃষ্টি থেমে রোদ উঠলেও মাঠের আউটফিল্ড ছিল ভেজা। ক্রিকেটাররা ওয়ার্ম-আপ করলেও মাঠ খেলার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ আয়োজনের সুযোগ না থাকায় সুপার ওভারেও ফল নির্ধারণের পথ খোলা ছিল না। ফলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়।

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৬তম। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোনো বল মাঠে না গড়িয়েই শেষ চার নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে মাঠে নামবে টাইগ্রেসরা। সেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় নারী দল। ওই ম্যাচের বিজয়ী দলই সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের সাফল্যও কম নয়। এর আগে দুবার রৌপ্য ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। এবারও পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে এশিয়ান গেমসের মঞ্চে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখন বাংলাদেশের সামনে।

আরও সংবাদ লোড হচ্ছে...