মেসির গোলে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

সমতায় ফেরার পর আক্রমণভাগে আরও শক্তি যোগাতে লুইস সুয়ারেজকে মাঠে নামান মায়ামির কোচ ক্রিস্তিয়ান গনজালেস। মায়ামির আগের ২৫ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।
এরপর নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় মায়ামি। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে নিজের চিরচেনা বাঁ পায়ের নিচু শটে নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা।
শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউ ইংল্যান্ড। ইয়ান ফ্রের আত্মঘাতী গোলটি মায়ামির জয় কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। মেসির গোলটিই শেষ পর্যন্ত মায়ামির চ্যাম্পিয়নস কাপের টিকিট নিশ্চিত করে। এই জয়ে আগামী ৭ নভেম্বর নিয়মিত মৌসুমের শেষ দিনে আর কোনো হিসাবের অপেক্ষায় থাকতে হচ্ছে না দলটিকে।
মেসির প্রশংসায় কোচ গনজালেস বলেন, ‘সেরা খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সতীর্থদের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে তার সঙ্গে কারও তুলনা চলে না। এই বয়সেও লিও যা করছে, আমার দৃষ্টিতে তার এমভিপি এবং ব্যালন ডি’অর দুটিই প্রাপ্য। আশা করি, সে এগুলো অর্জন করতে পারবে।’

