বাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মুহূর্তটি জশুয়া বিশপের কাছে ছিল স্বপ্নপূরণের মতো। তাও যদি সেই ম্যাচে আসে জয়, তাহলে সেটা স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকার মতো। বিশপের সঙ্গেও ঠিক তা-ই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে তাঁর দল মাঠ ছেড়েছে জয় নিয়ে।
অভিষেক ম্যাচটাও বিশপের হয়েছে মনে রাখার মতো। বাঁহাতের ঘূর্ণিতে পেয়েছেন ২ উইকেট। যাঁর মধ্যে একটা সেঞ্চুরিয়ান (১০৫) সাদমান ইসলামের উইকেট। পেয়েছেন তাওহীদ হৃদয়ের উইকেট। তবে একাদশে যে সুযোগ পাবেন, সেটা আগেই জেনে গিয়েছিলেন বিশপ। আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ড্যারেন সামি ড্রেসিংরুমে এসে আমাকে জানালেন, ম্যাচ শুরুর আগে আমি একাদশে আছি। মুহূর্তটি আমার জন্য দারুণ অত্যন্ত আবেগের ছিল। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে খেলব। সেই স্বপ্ন পূরণ করে টেস্ট অভিষেক হওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার।’

