ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে আলমারি ভাঙচুর করে। পরে সেখান থেকে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার পর চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চুরির সঙ্গে জড়িতরা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এরপর মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি দল খাজুরা বাজারে অভিযান চালায়। সেখান থেকে রাহুল হোসেন ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে স্বর্ণের চেইন ও কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সীমা খাতুন বলেন, চুরির রাতে ঘরে চেতনানাশক স্প্রে করা হয়েছিল বলে তাঁদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ওই সুযোগে চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়। ভোরে তাঁর মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারি ভাঙা দেখতে পান। তখনই চুরির বিষয়টি তাঁরা জানতে পারেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তাঁর স্ত্রী থানায় এজাহার করেছিলেন। ওই মামলায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


